জয়পুরহাট প্রতিনিধি:
আসন্ন ৬ নং আমদই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জয়পুরহাট সদর উপজেলার রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসন ঘিরে আলোচনার কেন্দ্রে রয়েছেন প্রার্থী শামীমা আক্তার সাথী।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সদর উপজেলার কয়তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার আয়োজনে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাজেমউদ্দিন মন্ডলের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন আবু মুছা সরকার এবং সঞ্চালনা করেন আহসান হাবীব মিঠু।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা থেকেই কয়তাহার, বাকিলা, হাটুভাংগা ও মাধাইনগরসহ আশপাশের এলাকা থেকে ভোটাররা মিছিল নিয়ে সভাস্থলে আসতে থাকেন। রাত ১০টা পর্যন্ত চলা এ সভায় প্রায় ৩ হাজার নারী-পুরুষ ভোটারের উপস্থিতি ছিল।
সভায় বক্তব্যে শামীমা আক্তার সাথী বলেন, ভোট মানুষের পবিত্র আমানত। আমি নির্বাচিত হলে এই আমানতের খেয়ানত করব না।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি নারীদের উন্নয়ন ও সুরক্ষাকে অগ্রাধিকার দেবেন এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিডি কার্ডসহ সকল সরকারি সেবা ও রাস্তাঘাট, ড্রেনেজ উন্নয়নে কোনো প্রকার ঘুষ লেনদেন হতে দেবেন না।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কাহার দেওয়ান, শামীম মন্ডল, ফারুক শেখ, জাকের সরকার, গোলাম মোস্তাফা বাবলু ও আলাল সরকার।
স্থানীয় ভোটারদের মতে, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, সৎ ও নম্র আচরণ তাকে অন্যদের থেকে আলাদা করেছে।