স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীর ডোমার উপজেলায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আনজারুল হক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, আটক আনজারুল হক এলাকার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ডোমার উপজেলার গোমনাতি ময়দানের বাজার এলাকায় মাদক কেনাবেচার গোপন তথ্য পায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন বালাপাড়া বিওপি। পরে বিওপি থেকে একটি টহল দল সেখানে বিশেষ অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবাসহ আনজারুল হককে আটক করা হয়।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, আটকের পর আনজারুল হকের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে মাদক পরিবহন ও বেচাকেনায় ব্যবহৃত একটি হিরো গ্ল্যামার মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন এবং চারটি সিমকার্ড জব্দ করা হয়েছে।
উদ্ধার করা ইয়াবা, মোটরসাইকেল, মোবাইল ফোন ও সিমকার্ডের আনুমানিক জব্দমূল্য ১ লাখ ৫২ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক আনজারুল হক ও উদ্ধার করা মাদকদ্রব্যসহ জব্দ মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মাদক ব্যবসা প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।