এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে সজল মালি (৩০) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের হাসুরা গ্রামে এ ঘটনা ঘটে। সজল মালি ওই এলাকার জিতেন মালির ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানার তদন্ত কর্মকর্তা আবু তালেব।
থানা ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে সজল মালির স্ত্রীর (দুলালী মালি) সাথে প্রতিবেশী মুক্তি মালীর পারিবারিক বিরোধের জেরে কথা-কাটাকাটি শুরু হয়। মুক্তি মালীকে সঙ্গ দিতে এগিয়ে আসেন আরও দুই প্রতিবেশী মন্ডলী মালী ও মালা মালী। কথা-কাটাকাটির এক পর্যায়ে প্রতিবন্ধী সজল মালির স্ত্রীকে মারধর শুরু করে ওই তিন নারী। সজল মালি এগিয়ে এসে তাদের থামতে বললে মুক্তি মালী মাটিতে পড়ে থাকা আমগাছের ডাল দিয়ে তাকে আঘাত করে এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।
মৃত্যুর এই ঘটনায় নিহত সজল মালির স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলার আবেদন করেছেন।
থানার তদন্ত কর্মকর্তা আবু তালেব বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৩ জন নারীকে হেফাজতে নেওয়া হয়েছে এবং একটি মামলার প্রস্তুতি চলছে।