মোঃ মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান, খুলনা:
খুলনার বটিয়াঘাটা থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল গভীর রাতে সফল অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ চোর চক্রের মূলহোতাকে আটক করেছে। এ সময় চোরাইকৃত ২৫০ কেজি লোহার এ্যাঙ্গেল (গ্রীল) উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় ভুয়া সাংবাদিকতার আড়ালে অপকর্ম চালিয়ে যাওয়া মূলহোতা সামিট পোল্ট্রি ফিডের কেয়ারটেকারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. মিজানুর রহমান বিপি-৭৪৯৪১০৭৫২৯ সার্বিক দিকনির্দেশনা ও নেতৃত্বে থানার এসআই (নিরস্ত্র) চিরঞ্জিত মন্ডল সঙ্গীয় ফোর্সসহ ১৩ নভেম্বর ২০২৬ তারিখ গভীর রাতে থানা এলাকায় টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, বটিয়াঘাটা থানাধীন হেতালবুনিয়া গ্রামস্থ ইয়াছিন হাওলাদারের বসতবাড়ির বারান্দায় চোরাই লোহার এ্যাঙ্গেল বা গ্রীল লুকিয়ে রাখা হয়েছে।
প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাৎক্ষণিকভাবে বিষয়টি ওসি বটিয়াঘাটা থানাকে অবহিত করা হয়। পরবর্তীতে ১৩ নভেম্বর ২০২৬ তারিখ রাত অনুমান ০২:২৫ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় পুলিশ ধাওয়া করে ইয়াছিন হাওলাদারকে হাতেনাতে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইয়াছিন হাওলাদার (৩৫), পিতা-মৃত খালেক হাওলাদার, সাং-হেতালবুনিয়া, থানা-বটিয়াঘাটা, খুলনার বসতবাড়ির বারান্দা থেকে ২৫০ কেজি ওজনের লোহার এ্যাঙ্গেল (গ্রীল) উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত মালামালের বৈধ কোনো ক্রয়ের রশিদ বা উৎস দেখাতে ব্যর্থ হন তিনি।
জিজ্ঞাসাবাদে মূল রহস্য বেরিয়ে আসে। আটক ইয়াছিন জানায়, বটিয়াঘাটা থানাধীন কিসমত ফুলতলা এলাকার ‘সামিট পোল্ট্রি ফিড’-এর কেয়ারটেকার হিসেবে কর্মরত আসামী মোঃ শাহিন বিশ্বাস (৫৪), পিতা-আনছার উদ্দিন বিশ্বাস তার ওপর অর্পিত দায়িত্ব ও অবস্থানের সুযোগ নেয়। সে নিজে এবং তার সহযোগী সোহাগ, মামুন, সোহেল, হেল্লা, তামিমসহ অজ্ঞাতনামা অন্যান্যদের নিয়ে গভীর রাতে গোপনে ওই প্রতিষ্ঠানে প্রবেশ করে। প্রতিষ্ঠানের মালিকের অজ্ঞাতে এবং বিনা অনুমতিতে প্রতিষ্ঠানের মূল্যবান লোহালক্কড় ও মালামাল সুকৌশলে চুরি করে বের করে আনে। পরবর্তীতে এই চোরাই মালামাল মাত্র ৫,০০০/- (পাঁচ হাজার) টাকায় আসামী ইয়াছিনের নিকট বিক্রি করে দেয়।
জানা যায়, মূল অভিযুক্ত আসামী মোঃ শাহিন বিশ্বাস পোল্ট্রি ফিড প্রতিষ্ঠানে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালনের আড়ালে মূলত এই চোর চক্রের গডফাদার হিসেবে কাজ করত। সে এলাকায় নিজেকে ‘সংযোগ প্রতিদিন’ পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে নানা অপকর্ম ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। ভুয়া সাংবাদিকতার এই সাইনবোর্ড ব্যবহার করে সে মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করত।
পরবর্তীতে ধৃত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে সামিট পোল্ট্রি ফিড, কিসমত ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে চক্রের অপর সহযোগী মোঃ হাসান হাওলাদার (৪০), পিতা-ইউনুস হাওলাদার এবং কেয়ারটেকার ও চক্রের মূলহোতা মোঃ শাহিন বিশ্বাস (৫৪)-কে গ্রেফতার করে।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ডিজিটাল নিক্তির মাধ্যমে উদ্ধারকৃত লোহার এ্যাঙ্গেল পরিমাপ করা হয়, যার মোট ওজন ২৫০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ২০,০০০/- টাকা। পর্যাপ্ত বৈদ্যুতিক আলোর ব্যবস্থায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুতপূর্বক আলামতগুলো জব্দ করা হয়।
সামিট পোল্ট্রি ফিডের প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো লোক উপস্থিত না থাকায় বটিয়াঘাটা থানার এসআই (নিরস্ত্র) চিরঞ্জিত মন্ডল বাদী হয়ে নিয়মিত মামলা (জিআর নম্বর-০৬/১১৭, ধারা: ৩৮০/৪৫৭/৪১১/৩৪ পেনাল কোড) রুজু করেন।
এ বিষয়ে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. মিজানুর রহমান জানান, “অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। সাংবাদিকতার মতো মহান পেশাকে আড়াল করে যারা অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে এবং প্রতিষ্ঠানে দায়িত্বে থেকে চুরির মতো জঘন্য অপরাধ সংঘটিত করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।