মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনা থানাধীন রায়টুটী ইউনিয়নের বাবুস সালাম মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকায় গতকাল গভীর রাতে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মাওলানা হেদায়াতুল্লাহর বসতবাড়িতে অগ্নিসংযোগ করে।
ঘটনার সময় ঘরে উপস্থিত ছিলেন তার স্ত্রী ও দুই নাবালক শিশু। হঠাৎ আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় পুরো ঘর মুহূর্তেই ভরে যায়। প্রাণ হাতে নিয়ে মাওলানা হেদায়াতুল্লাহ দ্রুত স্ত্রী ও সন্তানদের ঘুম থেকে জাগিয়ে চিৎকার করে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হন। আল্লাহর অসীম রহমতে বড় কোনো প্রাণহানি না ঘটলেও, পুরো ঘরের আসবাবপত্র, পোশাক, নথিপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
মাওলানা হেদায়াতুল্লাহ বলেন,
এই ঘটনাটি নিছক অগ্নিকাণ্ড নয়, বরং এটি একটি সুপরিকল্পিত হামলা। এখন পর্যন্ত আগুন ধরানো ব্যক্তি বা গোষ্ঠীকে শনাক্ত করা যায়নি। স্থানীয় ও জাতীয় কোনো গণমাধ্যম এই ঘটনায় তেমন সাড়া দিচ্ছে না। ফলে আমার পরিবারের নিরাপত্তা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।”
তিনি আরও বলেন,
দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নইলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা কঠিন হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে — দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক, এবং মাওলানা হেদায়াতুল্লাহ ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
ঘটনাস্থল পরিদর্শনের জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।