মো. রকিবুল হাসান বিশ্বাস, জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের সিংগাইরে বীর মুক্তিযোদ্ধা সামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আজিমউদ্দিন (মেম্বার) স্মৃতি সংঘ ও স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সিংগাইর (সাস) এর আয়োজনে এ বৃত্তি পরীক্ষার শুভ উদ্বোধন করেন অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বৃত্তি পরীক্ষার আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, মহাসচিব ও কর কমিশনার মাসুম বিল্লাহ সানি, অ্যাডভোকেট আতাউর রহমান ও আমিনুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এই মেধা বৃত্তির আয়োজন করা হয়েছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।
এতে পরীক্ষা পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন মো. রুহুল আমিন মিয়া ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. আতাউর রহমান। এছাড়া শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেধা বৃত্তি পরীক্ষায় ৪০টি কিন্ডারগার্টেন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ১৮৮ জন এবং ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ১৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে বেলা ১১টা ৪০ মিনিটে শেষ হয়। এতে ৮ম শ্রেণির উত্তীর্ণ ২৫ জন ও ৫ম শ্রেণির ২৫ জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করা হবে বলে জানা যায়।