জেসমিন আক্তার মনি, রংপুর প্রতিনিধি:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, রংপুরে গণপর্তি চক্রবর্তীসহ পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় তদন্তে নতুন তথ্য সামনে আসছে। হত্যাকাণ্ডের সাথে সরাসরি ও পেছন থেকে জড়িতদের চিহ্নিত করতে কিছুটা সময় লাগছে। তবে আশা করছি অল্প সময়ের মধ্যেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে চার্জশিট দিয়ে মামলার কার্যক্রম শেষ করা হবে।
শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজের বার্ন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনা এখন সবচেয়ে জরুরি। এর আগে রংপুরে এত বড় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে এই হত্যাকাণ্ডের বিচারকার্য সম্পন্ন করার আশাবাদ জানাচ্ছি।
স্বাস্থ্যখাত প্রসঙ্গে মন্ত্রী অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার ১৭ বছর ধরে শুধু স্বাস্থ্যখাত নয়, প্রত্যেকটি খাতকেই দুর্নীতির মাধ্যমে ধ্বংস করেছে। বর্তমান সরকার সেই ক্ষতি কাটিয়ে উঠতে কাজ করছে।
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের জনবল সংকটের বিষয়ে তিনি বলেন, সারাদেশেই জনবল কাঠামোতে সংকট রয়েছে। ইতোমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। নিয়োগ সম্পন্ন হলে হাসপাতালগুলোর চাহিদা অনুযায়ী জনবলসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।