সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর পৌর বাজার সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং পচা ও বাসি উপকরণ ব্যবহারের দায়ে আপ্যায়ন বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে সিংগাইর পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির। অভিযানের সময় আপ্যায়ন বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং পচা ও বাসি উপকরণ ব্যবহারের অপরাধে জিয়াউল হক নামের এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে সিংগাইর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।