মোঃ আবু সাঈদ, রিপোর্টার:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে পুলিশের স্থাপিত চেকপোস্টে পৃথক দুটি বাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক মোহাম্মদ সফি উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে সন্দেহভাজন দুই নারী যাত্রী মোছা. ফাতেমা (৪৫) ও মোছা. খালেদাকে (৩৩) আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যদের মাধ্যমে তাঁদের দেহ তল্লাশি করে বিশেষভাবে কালো পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটি থেকে ২ হাজার ও ১ হাজার ৫০০ পিসসহ মোট ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দুই নারী কক্সবাজার জেলার চকরিয়া থানার বাসিন্দা।
অন্যদিকে, একই চেকপোস্টে ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে টেকনাফ থেকে ঢাকাগামী আরেকটি বাসে তল্লাশির সময় আয়াছ (২৫) নামে এক যাত্রীকে সন্দেহ হলে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি তাঁর পেটের ভেতরে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে বিশেষ প্রক্রিয়ায় তাঁর পায়ুপথ দিয়ে বের করা ১০টি প্যাকেট থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
পুলিশ জানায়, পৃথক দুটি অভিযানে সর্বমোট ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিস্তার রোধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।