রতন ঘোষ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
মাত্র তিন দিনের ব্যবধানে সৌদি আরবে মর্মান্তিক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দুই প্রবাসীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. কামরুল ইসলাম (২৬) এবং কটিয়াদী পৌরসভার নামা বোয়ালিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে মোহাম্মদ ফয়সাল মিয়া (৩৬)।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর সোমবার সকালে রিয়াদের বান বান এলাকায় নাইট ডিউটি শেষে রুমে ফেরার পথে পানিবাহী ট্যাংকারের সাথে লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন কামরুল ইসলাম। প্রায় ৪ বছর আগে সংসারের স্বচ্ছলতার জন্য তিনি সৌদি আরবের আল মদিনা কোম্পানিতে শ্রমিক হিসেবে যোগ দেন।
তার স্ত্রী খাদিজা আক্তার আঁখি বলেন, ২০২৫ সালে তিন মাসের ছুটিতে দেশে এসে তিনি আমাকে বিয়ে করেন। আমি শেষবারের মতো স্বামীর মুখ দেখতে চাই। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানাই।
অপরদিকে, গত ৬ অক্টোবর রাতে মক্কা নগরীতে কর্মরত অবস্থায় পাঁচতলা ভবনের ছাদ থেকে নির্মাণ সামগ্রী মাথায় পড়ে গুরুতর আহত হন ফয়সাল মিয়া। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ অক্টোবর রাতে তার মৃত্যু হয়। তিনি মক্কার আল ইয়ামামা কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
ফয়সালের স্ত্রী কোহিনুর বেগম বলেন, আমার স্বামীই ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী। একটি ছেলে ও একটি মেয়ে নিয়ে এখন আমি কীভাবে চলব।
এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ বলেন, আমরা উভয়ের মৃত্যুর সংবাদে অবগত আছি। সরকারিভাবে তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।