মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
যুগশ্রেষ্ঠ আলেম আশেকে রাসুল (দ.) হযরত মাওলানা হাফেজ আহমদ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৫তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ১০ম দিবস ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টার এর চেয়ারম্যান মাওলানা নুরুজ্জামান নোমানী। চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী এর যৌথ সঞ্চালনায় আলচোনা করেন লোহাগাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা আবদুল কাদের নিজামী, ঢাকা টঙ্গী ঝিনুক মার্কেট মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবদুস সালাম কাসেমী, ঢাকা টঙ্গী পশ্চিম পাগাড় জামে মসজিদের খতিব মাওলানা কামাল হোছাইন, চুনতী ফাতেমা বতুল মহিলা ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা হেলাল উদ্দীন, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ মাওলানা মুহাম্মদ খুবাইব। বক্তারা বলেন একমাত্র ইসলামই পারে যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এটি মানুষের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক কল্যাণের জন্য সুনির্দিষ্ট বিধান প্রণয়ন করেছে। মাদক নিষিদ্ধ করার ক্ষেত্রে ইসলাম একটি সুচিন্তিত ধাপে ধাপে পদ্ধতি অবলম্বন করেছে মাদক সেবন মানুষের চিন্তাশক্তি এবং ভাষার উপর প্রভাব ফেলে। বক্তারা আরও বলেন একবার সাহাবিদের কেউ মদ পান করার পর নামাজে ভুলভাবে কেরাত পাঠ করেন, যা সূরার অর্থ বিকৃত করে। তখন আল্লাহ বলেন: “হে ঈমানদারগণ! নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যেও না, যতক্ষণ না বুঝতে পারো যা বলছো।”এটি ছিল মাদকের বিরুদ্ধে ইসলামিক বিধানের দ্বিতীয় ধাপ। শেষ পর্যায়ে ইসলাম মাদককে সম্পূর্ণ হারাম ঘোষণা করে। কুরআনে বলা হয়েছে: হে ঈমানদারগণ! নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারণের তীর নিক্ষেপ- এগুলো সব শয়তানের কাজ। কাজেই এগুলো থেকে দূরে থাকো, যাতে তোমরা সফল হও। এখানে মাদককে শয়তানের কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এটি থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ আবদুল্লাহ আল মাহী, সাকিবুল হাসান নাবিল। না’আতে রসূল (সা.) পরিবেশন করেন শফাআত উল্লাহ, আবদুল্লাহ আল জাওয়াহিরি জুলফিক, মাওলানা কফিল উদ্দিন। মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ্ব ইসমাইল মানিক, শাহজাদা তৈয়বুলহক বেদার, মাওলানা রিদুওয়ান, মাওলানা অলিউল্লাহ ও মাওলানা রুকন উদ্দিন প্রমুখ।