হৃদয়ের গহীনে সহস্র কষ্ট জমে আছে
কেউ কি সেই কষ্ট ক্রয় করবে?
পাওয়া না-পাওয়ার হিসাব,
বেকারত্ব কষ্টের পাহাড় জমেছে,
অবহেলা ও অমর্যাদার দীর্ঘ ছায়া মিলে
বেদনার স্তূপ হয়ে পড়ে আছে অন্তরে।
আমি এক কষ্টের ফেরিওয়ালা,
দ্বারে দ্বারে ঘুরি অনুভূতির পসরা সাজিয়ে;
তবু কেউ ফিরে তাকায় না,
নিঃশব্দে মুখ লুকিয়ে দূরে সরে যায়।
হঠাৎ শা-শা বাতাসও স্তব্ধ হয়ে পড়ে,
পাহাড় ভেঙে তুলোর মতো উড়ে যায় শূন্যে,
স্রোতস্বিনী নদী হারায় তার চিরচঞ্চল গতি,
সবুজে মোড়া অরণ্যও পরিণত হয়
দগ্ধ, তপ্ত মরুভূমিতে।
আকাশের তারারাও মুখ ফিরিয়ে নেয়,
সোনালি জ্যোৎস্নায় ভরা চাঁদ
হঠাৎ ডুবে যায় আমাবস্যার ঘন অন্ধকারে।
তখন বুঝতে পারি,
এই ক্লান্ত পথিকের কষ্ট কেনার ক্রেতা নেই পৃথিবীতে।
তার বেদনার বাজার বসে কেবল,
নিজের নিঃসঙ্গ হৃদয়ের গহীনে।
তখন মনে হয়,
বুকভরা কষ্টগুলোই বুঝি
প্রকৃতির সমস্ত সৌন্দর্য গ্রাস করে নেয় নিঃশব্দে।