মোঃ আমজাদ হোসেন, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
“শহীদদের রক্ত, আমাদের প্রেরণা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে এবং জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টায় কাউনিয়া উপজেলা শাখার দলীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সাইদুর ইসলাম, প্রধান সমন্বয়কারী, এনসিপি কাউনিয়া উপজেলা শাখা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. জুয়েল মিয়া, সদস্য, এনসিপি কাউনিয়া উপজেলা শাখা।আলোচনা সভায় বক্তারা মহান জুলাই বিপ্লবের বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আত্মদান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। তাদের আদর্শ ধারণ করে একটি মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।এসময় উপস্থিত ছিলেন মো. আবু রায়হান, সংগঠক, এনসিপি কাউনিয়া উপজেলা শাখা; শ্রী পরিতোষ চন্দ্র বর্মন, যুগ্ম আহ্বায়ক, এনসিপি কাউনিয়া উপজেলা শাখা; মো. শফিকুল ইসলাম (দুলাল), সাবেক চেয়ারম্যান ও সাংগঠনিক, এনসিপি বালাপাড়া ইউনিয়ন শাখা; মো. নাজমুল ইসলাম, সংগঠক, যুবশক্তি, এনসিপি কাউনিয়া উপজেলা শাখা; মো. হাবিবুর রহমান, আহ্বায়ক, এনসিপি বালাপাড়া ইউনিয়ন শাখাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।অনুষ্ঠানের শেষে মহান জুলাই বিপ্লবের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।