ব্যুরো প্রধান, খুলনা বিভাগঃ
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুমে দুর্বৃত্তদের দেওয়া আগুনে গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে। শনিবার (২০ ডিসেম্বর) ভোররাত থেকে সকাল ৯টার মধ্যে কোনো এক সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ছুটির দিন থাকায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। পরে ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়দের নজরে এলে নির্বাচন অফিসের নাইট গার্ড ও এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
জানা গেছে, নির্বাচন অফিসের নিচতলার স্টোর রুমে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান ও সদর উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্টোর রুমের পেছনের জানালার পাশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।