মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান ও সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইস্তির নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে নগরীর রাজপথ।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন। র্যালিকে কেন্দ্র করে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।
র্যালি শেষে আয়োজিত জনসভায় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি নেতাকর্মীদের নতুন করে ঐক্যবদ্ধ ও উজ্জীবিত হওয়ার উপলক্ষ। খুলনা মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডে সংগঠনকে আরও শক্তিশালী করতে ধারাবাহিকভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে।
তারা বলেন, দলের যেকোনো গণতান্ত্রিক ও সাংগঠনিক কর্মসূচি সফল করতে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও জনসভাকে ঘিরে পুরো আয়োজনজুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।