• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

গোপালগঞ্জে ডিবি পুলিশের বিশাল সাফল্য: ৬৪ হাজার পিস ইয়াবাসহ বিলাসবহুল মাইক্রোবাস জব্দ, গ্রেপ্তার ২

Reporter Name / ১৩৮ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জ শহর এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস দল অভিযান চালিয়ে মাদক চোরচালান চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। অভিযানে চোরচালানকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা এবং পরিবহনে ব্যবহৃত ভুয়া নম্বর প্লেটযুক্ত একটি নতুন মডেলের বিলাসবহুল সাদা রঙের মাইক্রোবাস।
​মঙ্গলবার (১৮ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে গোপালগঞ্জ শহরের এলজিইডি মোড় এলাকায় বিশেষ নিরাপত্তা ও অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোপালগঞ্জের স্থানীয় বাসিন্দা চিহ্নিত মাদক কারবারি উজ্জ্বল মোল্লা (৪০) এবং তার মূল সহযোগী ওয়াসিম মোল্লা (২৫)।
​জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, কক্সবাজার ও সীমান্ত এলাকা টেকনাফ থেকে একটি বড় মাদকের চালান গোপালগঞ্জ হয়ে আশপাশের জেলাগুলোতে সরবরাহ করা হচ্ছে—এমন গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাত থেকেই সতর্ক অবস্থানে ছিল ডিবি পুলিশের একটি টিম। এলজিইডি মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সকল ধরনের সন্দেহভাজন যানবাহন তল্লাশি করা হচ্ছিল। রাত ৩টার দিকে সন্দেহভাজন একটি সাদা রঙের নতুন মডেলের মাইক্রোবাসকে থামার সংকেত দেয় পুলিশ।
​গাড়িটি থামানোর পর প্রাথমিক তল্লাশিতেই গাড়িতে থাকা উজ্জ্বল মোল্লা ও ওয়াসিম মোল্লার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে তাঁদের সাথে থাকা একটি লাগেজ অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালিয়ে ভেতর থেকে বিষাক্ত ইয়াবার মূল চালান অর্থাৎ আরও ৫৯ হাজার ১২৩ পিস উদ্ধার করতে সক্ষম হন অভিযানে থাকা গোয়েন্দারা। সব মিলিয়ে উদ্ধার করা ইয়াবার পরিমাণ দাঁড়ায় ৬৪ হাজার ১২৩ পিস। এছাড়া তাঁদের সাথে থাকা মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা জব্দ করা হয়।
​ডিবি পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার হওয়া চক্রটি দীর্ঘদিন ধরে অত্যন্ত সুসংগঠিতভাবে গোপালগঞ্জ ও পার্শ্ববর্তী জেলাগুলোতে ইয়াবা পাইকারি ও খুচরা সরবরাহ করে আসছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে তারা অভিনব পন্থায় গাড়িতে ভুয়া নম্বর প্লেট লাগিয়ে টেকনাফ এবং কক্সবাজার অঞ্চল থেকে এই মাদক সংগ্রহ করে নিরাপদ রুটে দেশের অভ্যন্তরে নিয়ে আসত।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. হাসানুর রহমান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অত্যন্ত নিখুঁত অভিযান চালিয়ে আন্তর্জাতিক চক্রের বিপুল পরিমাণ ইয়াবার চালানটি ধরে ফেলে ডিবি। অভিযানে বিপুল মাদকের পাশাপাশি অপরাধে ব্যবহৃত গাড়ি ও অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে।”
​তিনি আরও উল্লেখ করেন, গ্রেপ্তারকৃত উজ্জ্বল মোল্লা আঞ্চলিক মাদক সিন্ডিকেটের অন্যতম হোথা। দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ইতিপূর্বেই ১০টিরও বেশি মাদক সংক্রান্ত মামলা ঝুলছে।
​পুলিশ জানায়, আটককৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই সিন্ডিকেটের পেছনে অর্থ যোগানদাতা বা মূল পরিকল্পনাকারী হিসেবে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে ডিবি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd