বিশেষ প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ৪টি পূজা মণ্ডপে আর্থিক সাহায্য প্রদান করেছেন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সুজাতুর রহমান।
শারদীয় দুর্গোৎসবের আমেজ ও সম্প্রীতি বাড়াতে তিনি পৌর এলাকার ৪টি পূজা মণ্ডপ সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির দায়িত্বশীলদের হাতে এই অর্থ সহায়তা তুলে দেন।
শুক্রবার (১৭ অক্টোবর) জগন্নাথপুর পৌরশহরের ৪টি পূজা মণ্ডপে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়কালে সুজাতুর রহমান বলেন, “জগন্নাথপুর অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য জনপদ। আবহমানকাল ধরে এখানে সকল ধর্ম-বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজস্ব ধর্মীয় উৎসব আনন্দঘন পরিবেশে পালন করে আসছেন। শারদীয় দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই প্রত্যাশা করি।”
তিনি আরও আশ্বাস দেন যে, পৌরসভার সুখে-দুঃখে এবং যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি ভবিষ্যতেও পৌরসভার জনগণের পাশে থাকবেন।
এ সময় বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা সুজাতুর রহমানের এই উদ্যোগ ও আর্থিক সহায়তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।