আমজাদ হোসেন, জয়পুরহাট প্রতিনিধি:
শিক্ষার্থীদের সাঁতারে দক্ষ করে তোলা এবং পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটের ক্ষেতলালে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ক্ষেতলাল উপজেলা পরিষদ পুকুরে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া অফিস, জয়পুরহাটের আয়োজনে এবং ক্ষেতলাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই কার্যক্রমের আয়োজন করা হয়।
উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন খুদে শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো হলো- ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয়, ক্ষেতলাল খোসবদন মাদ্রাসা, জামুহালী আলিম মাদ্রাসা, আটিদশা উচ্চ বিদ্যালয় ও আকলাস শ্যামপুর উচ্চ বিদ্যালয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার ও ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি।