মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
নীলফামারীর জলঢাকায় পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে এক সংবাদকর্মীর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। হামলায় তাকে মারধর করা, টাকা ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় জলঢাকা থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী সুমন মিয়া দৈনিক বাংলার জনতা পত্রিকার জলঢাকা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, গত ৩ জুলাই রাতে জলঢাকা থানা এলাকায় একটি সংবাদের তথ্য সংগ্রহ করতে গেলে মোশারফ হোসেন নামের এক ব্যক্তি তাকে বাধা দেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, এরই ধারাবাহিকতায় ৪ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জলঢাকা ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় চা-নাস্তা শেষে বাড়ি ফেরার পথে মোশারফ হোসেন ও তার সহযোগীরা সুমন মিয়ার ওপর অতর্কিত হামলা চালান। হামলার সময় তাকে কিল-ঘুষি মারার পাশাপাশি গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তার পকেটে থাকা ২ হাজার ৫৫০ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও দাবি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। যাওয়ার সময় তারা পুনরায় প্রাণনাশের হুমকি দেন এবং বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। থানার অদূরে প্রকাশ্যে এমন ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সঙ্গে পরামর্শ করে জলঢাকা থানায় একটি এজাহার দায়ের করেছেন সুমন মিয়া।
ভুক্তভোগী সংবাদকর্মী সুমন মিয়া বলেন, “আমি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পরিকল্পিত হামলার শিকার হয়েছি। আমাকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এ ঘটনায় একটি এজাহার গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”