ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
জামালপুর জেলা পুলিশের সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন।
সভায় পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া জেলার খাতভিত্তিক ও থানাভিত্তিক মামলার পরিসংখ্যান, থানা ও বিভিন্ন সংস্থার দায়ের করা মামলা, অপরাধের পরিসংখ্যান পর্যালোচনা, মামলা নিষ্পত্তি এবং বিচারাধীন ও মুলতবি মামলার বিষয়ে আলোচনা হয়।
সভায় অপমৃত্যু মামলার পরিসংখ্যান, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, বিট পুলিশিং কার্যক্রম, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্পর্শকাতর মামলাগুলোর অগ্রগতি এবং জেলা পুলিশের গোয়েন্দা কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রাকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) এবং সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঁঞা।
এ ছাড়া সভায় জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শক (তদন্ত), বিভিন্ন পুলিশ ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের কর্মকর্তা, ট্রাফিক পুলিশ এবং কোর্ট ইন্সপেক্টররা উপস্থিত ছিলেন।