জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ও ফ্যাসিস্ট সরকারের পতন দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে খেলাফত মজলিস উপজেলা ও পৌর শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে গণমিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মির্জাবাড়ি মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বক্তারা বলেন, “ছাত্র-জনতার বীরত্বপূর্ণ জুলাই আন্দোলনের মধ্য দিয়েই এই বর্তমান সরকার গঠিত হয়েছে। তাই ছাত্র-জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে। সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে দেশ পুনর্গঠনের কাজ সঠিকভাবে এগিয়ে নিতে হবে।”
সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে নেতৃবৃন্দ বলেন, “যদি জুলাই বিপ্লবের রায় ও সনদ বাস্তবায়ন করা না হয়, তবে এই দেশের আপামর ছাত্র-জনতা আবারো নতুন করে জুলাই যুদ্ধ গড়ে তুলতে বাধ্য হবে। রায় বাস্তবায়ন না করলে বিগত ফ্যাসিস্ট সরকারের মতোই এই সরকারকেও গদিচ্যুত করা হবে।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা নুরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, উপজেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোজাম্মেল হোসেন, কলকলিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. মখলিছুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি হাসন আলী এবং সৈয়দপুর ইউনিয়ন থেকে প্রতিনিধি আরিফ হোসেন।
উক্ত কর্মসূচিতে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন খেলাফত মজলিসের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন।