স্টাফ রিপোর্টার, নীলফামারী:
নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামে একটি ছাগলের একসঙ্গে ৬টি বাচ্চা প্রসবের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় বাসিন্দা মো. রবিউল ইসলামের পোষা ছাগলটি বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ৬টি বাচ্চার জন্ম দেয়।
জানা গেছে, ৬টি বাচ্চার মধ্যে ৩টি পাঁঠা ও ৩টি ছাগী। তবে জন্মের সময় ২টি বাচ্চা মৃত অবস্থায় পাওয়া যায়। বর্তমানে বাকি ৪টি বাচ্চা ও মা ছাগলটি সুস্থ রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ছাগলটির প্রসবের সময় স্থানীয়ভাবে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়। একসঙ্গে ৬টি বাচ্চা জন্ম নেওয়ার খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকার উৎসুক মানুষ রবিউল ইসলামের বাড়িতে ভিড় করেন।
স্থানীয়রা জানান, একটি ছাগলের একসঙ্গে এতগুলো বাচ্চা জন্ম দেওয়ার ঘটনা এলাকায় সচরাচর দেখা যায় না। ফলে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে।
ছাগলের মালিক মো. রবিউল ইসলাম বলেন, একসঙ্গে ৬টি বাচ্চা হবে, তা আমরা ভাবতেই পারিনি। ২টি বাচ্চা মারা গেলেও বাকি ৪টি ও মা ছাগলটি সুস্থ থাকায় আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।