স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীর ডিমলা উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাকিব ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার ৩ নম্বর ডিমলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তিতপাড়া বড় জুম্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাকিব ওই এলাকার মো. আজিজুল হক ও মোছা. সাবিনা বেগমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত একটি ছোট পুকুরে মাছ ধরতে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তার চাচা মো. আলিনুরের সঙ্গে যান সাকিব। পুকুরের পানি সেচের জন্য পাশের বাড়ি থেকে বিদ্যুতের সংযোগ এনে মোটর স্থাপন করা হয়। মোটরের মাধ্যমে পানি উত্তোলনের সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। তবে মোঃ সাকিব ইসলামকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
ডিমলা থানার পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।