স্টাফ রিপোর্টার, নীলফামারী:
নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কের পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নাদিয়াপাড়া এলাকার অলি বর্মনের ছেলে ও ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রতিমা রানি (২৮) এবং তার দুই ছেলে পিতোসা (৮) ও যাদব (৪)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যান ডোমার-জলঢাকা সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ ৪ জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত ২ জনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান জানান, আহত দুই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, খবর পাওয়ার সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।