নিজস্ব প্রতিবেদক:
ঢাকা জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জনাব সুলতান সালাউদ্দিন টুকু। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। এ সময় সংসদ সদস্যবৃন্দসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভীন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের চলমান কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
তিনি আরও জানান, বিশেষ করে সাভার, আশুলিয়া ও ইপিজেড শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিরসন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে পুলিশ তৎপর রয়েছে।
এ ছাড়া মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ দমন, কিশোর অপরাধ ও মব ভায়োলেন্স প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।
তিনি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় ঢাকা জেলা পুলিশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।