মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্ট নীলফামারীর
নীলফামারী জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান।
সভায় জেলার বিভিন্ন ইউনিটের কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ (ওসি), ট্রাফিক বিভাগের কর্মকর্তা, ফোর্স সদস্যসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার মহোদয় উপস্থিত সদস্যদের কল্যাণ, সুবিধা-অসুবিধা, পারিবারিক সমস্যা, কর্মপরিবেশ, চিকিৎসা সুবিধা, আবাসন সংকটসহ বিভিন্ন বিষয় মনোযোগসহকারে শোনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন,
পুলিশ সদস্যরা দেশের নিরাপত্তা, শান্তি ও আইন-শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। তাদের মনোবল বৃদ্ধি ও কল্যাণ নিশ্চিত করাই পুলিশের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
এ সময় তিনি কর্মক্ষেত্রে শৃঙ্খলা, সততা ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও আন্তরিকতা প্রদর্শনের আহ্বান জানান। পুলিশ সুপার আরও বলেন,
“জনগণের আস্থা অর্জনের জন্য মানবিক পুলিশিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি সদস্যকে দায়িত্ব পালনের পাশাপাশি জনবান্ধব আচরণে অগ্রণী হতে হবে।
কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত সদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের জন্য ধন্যবাদ ও পুরস্কার প্রদান করা হয়।
অতঃপর দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান।
সভায় সেপ্টেম্বর ২০২৫ মাসের থানা-ভিত্তিক অপরাধ পরিসংখ্যান উপস্থাপন ও বিশ্লেষণ করা হয়। জেলার বিভিন্ন থানায় সংঘটিত অপরাধ, মামলা নিষ্পত্তির হার, ওয়ারেন্ট তামিলের অগ্রগতি, মাদক ও চোরাচালান প্রতিরোধ কার্যক্রমসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), সহকারী পুলিশ সুপারবৃন্দ, সার্কেল অফিসারগণ ও থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার সভায় বলেন,
“আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, দলীয় সমন্বয় ও প্রযুক্তি-নির্ভর কার্যক্রম অপরাধ দমনকে আরও কার্যকর করে তুলবে। সমাজ থেকে অপরাধ নির্মূলে প্রত্যেক পুলিশ সদস্যকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও উন্নতির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভা শেষে জেলার সকল কর্মকর্তা ও ফোর্স সদস্যদের নিরলস পরিশ্রম, দায়িত্বশীলতা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে অবদানের জন্য ধন্যবাদ জানান পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান।