মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম:
লোহাগাড়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পদুয়া লায়লা ছালেহ মাদ্রাসা। “মেধা ও নৈতিকতার সমন্বয়ে, আলোকিত মানুষ গড়ার অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লোহাগাড়ার পদুয়া তেওয়ারিখীলে লায়লা ছালেহ হিফজুল কুরআন ও নূরানী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২১ নভেম্বর শনিবার সকাল ১০টায় মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার প্রধান উপদেষ্টা শিক্ষানুরাগী ও সমাজসেবক এম. ফজল আহমদ হারুন।
সুফী ফতেহ আলী ওয়াইসী মহিলা মাদ্রাসার অধ্যক্ষ ও লায়লা ছালেহ জামে মসজিদের খতিব মাওলানা আ. ক. ম. হামিদুল হকের সভাপতিত্বে শিক্ষক হাফেজ আব্দুল্লাহ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক নূরুল ইসলাম শিকদার, হাছানদন্ডি এম রহমান সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মুহাম্মদ আলী,মাদ্রাসার সেক্রেটারি এ. এস. এম. সায়েম,মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা শওকত ওসমান ।
উপস্থিত বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু মেধাবী হিসেবে গড়ে তুললেই চলবে না, কুরআন-সুন্নাহর আলোকে নৈতিকতা ও উত্তম চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অতিথিরা আরও বলেন, হিফজুল কুরআনের পাশাপাশি নূরানী শিক্ষার মাধ্যমে শিশুদের শিক্ষার ভিত্তি মজবুত করতে মাদ্রাসাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন বক্তারা।
সমাবেশে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।