সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা থেকে:
পথ দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাজ্যজুড়ে শুরু হলো সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০২৬। সোমবার ৩রা আগস্ট কলকাতার পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট ক্রসিংয়ে এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ।
কলকাতা ট্রাফিক পুলিশের উদ্যোগে আয়োজিত এই সপ্তাহব্যাপী অভিযানে ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব এবং পথচারীদের সুরক্ষার বিষয়টি নিয়ে ব্যাপক প্রচার চালানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সাদা ও গেরুয়া রঙের বেলুন উড়িয়ে কর্মসূচির সূচনা করেন নগরপাল। এদিন তিনি পার্ক সার্কাস সেভেন পয়েন্টের সামনে কলকাতা ট্রাফিক পুলিশের নতুন আউটপোস্ট এবং পুলিশের তরফ থেকে ৩২টি বায়ো টয়লেটেরও উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কমিশনার অজয় নন্দ বলেন, “যদিও সারা বছর ধরেই রোড সেফটি নিয়ে কাজ চলছে, তবুও এক সপ্তাহ ধরে বিশেষ অভিযান চালানো হচ্ছে। সাধারণ মানুষকে সচেতন করতেই ট্রাফিক পুলিশ ফাইন করে। তবেই মানুষ কিছুটা হলেও নিয়ম মেনে চলেন।”
তিনি আরও বলেন, “সকলকে অনুরোধ করব ট্রাফিক আইন পালন করুন। সচেতন থাকলে আগামী দিনে দুর্ঘটনা আরও কমবে। আমরা দেখেছি অনেকেই হেলমেট না পরে গাড়ি নিয়ে চলাচল করেন। এই ধরনের ঘটনা আমাদের চোখে পড়েছে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। সপ্তাহব্যাপী এই সচেতনতামূলক অভিযান শহরের বিভিন্ন প্রান্তে চলবে বলে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।