মোঃ আশিক খান নিতু
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের ১০০ টাকা করে অর্থদণ্ডও করা হয়।
রবিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান অভিযুক্তদের এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার জগথা মহল্লার হাসেন আলীর ছেলে নুর হোসেন ও একই এলাকার এন্তাজ আলীর ছেলে হোসেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) সাকিলার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল পীরগঞ্জ শহরের জগথা হঠাৎ পাড়া এলাকা থেকে দুইজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটের ৯ পিস এবং কিছু গুঁড়ো মাদক উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়।