মোঃ আকরাম হোসেন রতন, নেত্রকোণা জেলা প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলায় উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ত্রিবার্ষিক ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে মোহাম্মদ গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান পদে মো. গোলাম মোশাররফ হোসেন এবং সেক্রেটারি পদে নিলয় চক্রবর্তী নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে উপজেলার ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৪৯ জন ভোটার ছিলেন। তাঁদের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে ১৪৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ফলে মোট ভোটের ৯৮ দশমিক ৬৬ শতাংশ কাস্টিং হয়েছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চেয়ারম্যান পদে মোহাম্মদ গোলাম মোস্তফা ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর আনোয়ার আহম্মদ পেয়েছেন ৭৩ ভোট। পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর মো. গোলাম মোশাররফ হোসেন ভাইস চেয়ারম্যান পদে ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী আগিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশিক মাহমুদ পেয়েছেন ৭৩ ভোট।
অন্যদিকে, ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেক্রেটারি পদে নিলয় চক্রবর্তী ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেঘশিমুল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ রতন খান পেয়েছেন ৭৩ ভোট।
এ ছাড়া পরিচালক পদে ছয়জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন— ধোপাডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল (বৈদ্যুতিক বাল্ব) ৬৬ ভোট, সাত্যাটি-বেরাইল আক্তার খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মলি রানী রায় (হাঁস) ৭৭ ভোট, জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আরিফুজ্জামান (টিউবওয়েল) ৯৪ ভোট, ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফারুক হোসেন ফকির (ডাব) ৭৬ ভোট, ইছুলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানভীর আঞ্জুম (মই) ৭২ ভোট এবং পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বদরুজ্জামান তালুকদার জুয়েল (বাইসাইকেল) ৭১ ভোট।
নির্বাচনে দুটি প্যানেলের মোট ১৮ জন প্রার্থী ৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ার পর নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল প্রকাশ করে।