মোঃ মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান খুলনা বিভাগ
দুর্নীতি–মাদক–সন্ত্রাসমুক্ত মডেল উপজেলা গঠনের অঙ্গীকার খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোঃ থান্দার কামরুজ্জামান। রবিবার (৩০ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পর তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তা–কর্মচারীসহ বটিয়াঘাটাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ইউএনও কামরুজ্জামান তার প্রাথমিক বক্তব্যে বলেন, “বটিয়াঘাটা উপজেলা হবে খুলনা জেলার একটি মডেল উপজেলা, ইনশাল্লাহ। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত প্রশাসন গড়ে তুলতে কাজ করবো। উপজেলার প্রতিটি দপ্তরকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রাখা হবে।”
এর আগে তিনি বাগেরহাট সদর উপজেলার ইউএনও হিসেবে সততা, নিষ্ঠা ও সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। বটিয়াঘাটায়ও তিনি একইভাবে স্বচ্ছতা, দক্ষতা ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নবাগত ইউএনওকে স্বাগত জানাতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।