খুলনা ব্যুরোঃ
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ৫ নং ভান্ডারকোট ইউনিয়নের ঐতিহ্যবাহী ও অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক উৎসবমুখর, জাঁকজমকপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিয়মিত ব্যবস্থাপনা কমিটি (SMC) গঠন সম্পন্ন হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিশাল অভিভাবক সমাবেশটি অত্র এলাকার শিক্ষানুরাগী, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ অভিভাবকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সমাজসেবক ও অনন্য শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং জনাব মোঃ হুমায়ুন কবির গোলদার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
প্রধান অতিথির দিকনির্দেশনামূলক বক্তব্য ও মূল্যায়ণ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশকে বিশেষভাবে আলোকিত করেন বটিয়াঘাটা উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার (ক্লাস্টার বানিয়াডাঙ্গা) জনাব শিকদার জার্জিস হোসেন। তিনি তাঁর বক্তব্যে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, ঝরে পড়া রোধ এবং আধুনিক ও স্মার্ট শিক্ষাব্যবস্থা গঠনে শিক্ষার্থীবান্ধব পরিবেশের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চমৎকার একাডেমিক পরিবেশ এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথি বলেন, একটি আদর্শ বিদ্যালয় গড়ে তোলার পেছনে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীসমাজের সমন্বিত প্রচেষ্টা অপরিসীম। আজ কুটিরহাট প্রাথমিক বিদ্যালয় যেভাবে সর্বস্তরের মানুষকে এক সুতোয় গেঁথেছে, তা সত্যিই প্রশংসনীয়। আশা করি নতুন কমিটির হাত ধরে এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি উপজেলায় একটি রোল মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।” তিনি নবনির্বাচিত কমিটিকে সততা ও নিষ্ঠার সাথে বিদ্যালয়ের অবকাঠামোগত ও শিক্ষার মানোন্নয়নে কাজ করার আহ্বান জানান।বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ভাবমূর্তি ও অতিথিদের উপস্থিতি কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ দিন ধরে অত্র অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। শিক্ষার মান, সুশৃঙ্খল পরিবেশ এবং চমৎকার ফলাফলের জন্য বিদ্যালয়টির একটি বিশেষ সুখ্যাতি রয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোঃ শওকত আলি মল্লিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশকে প্রাণবন্ত ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি জনাব মোঃ শফিকুজ্জামান মলঙ্গী। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব জনাব মোঃ হুমায়ুন কবির গোলদার এবং সাবেক সহ-সভাপতি জনাব মোঃ রকিবুল ফকির (রকিব)।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাম্মৎ নাজমা খাতুন, সুবর্ণা পাল ও মোসাম্মৎ শারমিন সুলতানা; অত্র কমিটির মাধ্যমিক বিদ্যালয় প্রতিনিধি সিনিয়র শিক্ষক মোঃ শাহিদুল ইসলাম; বিদ্যুৎসাহী সদস্য মোছাম্মদ আয়েশা খাতুন এবং দাতা সদস্য মোঃ আল আমিন শেখ। সুধীজনদের মধ্যে আরও উপস্থিত ছিলেন লক্ষীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু সুশান্ত কুমার ঘোষ, ভান্ডারকোট পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোসাঃ হাসিনা ইয়াসমিন এবং কুটিরহাট বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ মশিউর রহমান বুলু। পেশাগত দায়িত্ব পালনে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান।
দানবীর ও নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমানের অনন্য ভূমিকা
সমাবেশের মূল আকর্ষণ এবং অন্যতম কেন্দ্রবিন্দু ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও অনন্য শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এবং নবনির্বাচিত সভাপতি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। অত্র অঞ্চলের শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং বিদ্যালয়ের যেকোনো সংকটকালীন মুহূর্তে তাঁর নিঃস্বার্থ ও প্রশংসনীয় অবদান সর্বজনবিদিত।
সমাবেশে উপস্থিত হয়ে তিনি সাধারণ অভিভাবকদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে মতবিনিময় করেন এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে আগামী দিনেও নিজের সর্বোচ্চ সহযোগিতা বজায় রাখার সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তাঁর এই জনকল্যাণমুখী ঘোষণা এবং গৌরবোজ্জ্বল উপস্থিতি উপস্থিত সর্বস্তরের মানুষকে ভীষণভাবে অনুপ্রাণিত ও আলোড়িত করে। সমাবেশে উপস্থিত সুধীজন ও সাধারণ অভিভাবকবৃন্দ তাঁর এই মহতী মানসিকতার জন্য গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ও বিপুল সমর্থনে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আগামী মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হন।গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন উপস্থিত সর্বস্তরের অভিভাবকদের সুচিন্তিত মতামত, স্বতঃস্ফূর্ত সমর্থন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী মেয়াদের জন্য নিয়মিত কমিটির ৪ জন অভিভাবক সদস্য নির্বাচিত হন।নির্বাচিত পুরুষ সদস্য: জনাব মোঃ হুমায়ুন কবির গোলদার ও জনাব মেহেদী হাসান প্রিন্স।
নির্বাচিত মহিলা সদস্য: মোছাঃ ফাতেমা খাতুন ও মোছাঃ হেলেনা বেগম।
পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় অত্র কমিটির সকল সদস্যবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্তে জনাব মোঃ মোস্তাফিজুর রহমান-কে সভাপতি এবং জনাব মোঃ হুমায়ুন কবির গোলদার-কে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।নবনির্বাচিতদের অভিনন্দন ও সমাপনী কমিটি গঠন প্রক্রিয়া শেষে অত্র প্রতিষ্ঠানের সমস্ত অভিভাবকবৃন্দ এবং উপস্থিত অতিথিবৃন্দ নবনির্বাচিত সভাপতি, সহ-সভাপতিসহ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন এবং আন্তরিক অভিনন্দন জানান।
নবনির্বাচিত সভাপতি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান কমিটির সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, এই যোগ্য ও দক্ষ নেতৃত্ব কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি আদর্শ, আধুনিক, বিজ্ঞানমনস্ক ও মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাঙ্ক্ষিত ভূমিকা পালন করবে।অবশেষে এলাকার গণ্যমান্য ও স্থানীয় সুধীবৃন্দের উপস্থিতিতে, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সফল অভিভাবক সমাবেশ উপহার দেওয়ার জন্য প্রধান শিক্ষক জনাব মোঃ শওকত আলি মল্লিক প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত সর্বস্তরের অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।