বিশ্বনাথ প্রতিনিধি:
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’—এই প্রতিপাদ্য সামনে রেখে সিলেটের বিশ্বনাথে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার’র পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোহাম্মদ কাওছার খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, মহিলা দলের নেত্রী বিলকিছ বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘কন্যাশিশুরা আজকের দিনে আর কোনোভাবেই পিছিয়ে নেই। তাদের সঠিক শিক্ষা, সুরক্ষা ও বিকাশ নিশ্চিত করতে পারলে তারাই আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে। এজন্য বাল্যবিয়ে পুরোপুরি নির্মূল করে কন্যাশিশুদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় পরিবেশ গড়ে তোলা আমাদের সবার নৈতিক দায়িত্ব।’
এ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের কন্যাশিশু, তাদের অভিভাবক, শিক্ষক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।