লালমনিরহাট প্রতিনিধি:
শুধু চারটি নয়, অসংখ্য প্রাণ ঝরছে রাস্তায়-এই ক্ষোভ ও স্লোগানকে সামনে রেখে এবং নিরাপদ সড়কের ৪ দফা দাবিতে লালমনিরহাটের বুড়িমারী আনন্দ বাজার (ঘুন্টি) এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে আমানতুল্যা প্রধান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক এবং স্হানীয় সাধারণ এলাকাবাসী।
রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে বুড়িমারী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ লোকজন অংশ নেন।
মানববন্ধন থেকে বক্তারা সড়কটি দ্রুত চার লাইনে উন্নীতকর
বেপরোয়া ড্রাইভিং ও অনিয়ন্ত্রিত গাড়ি চলাচল বন্ধ করা, সড়কে
প্রয়োজনীয় নিরাপত্তা অবকাঠামো উন্নত করা, ট্রাফিক আইনের যথাযথ ও পুরোপুরি প্রয়োগ নিশ্চিত করা এই ৪ দফা দাবি জানান।
সরেজমিন গিয়ে দেখা যায়, সকাল ১০ টার আগে থেকেই বুড়িমারী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মৌন মিছিল নিয়ে দুর্ঘটনার স্হান ঘুন্টি বাজার এলাকায় জড়ো হতে থাকেন। সকাল
১০ টা থেকে ঘুন্টি এলাকা থেকে খারিজা স্কুল পর্যন্ত কয়েক হাজার শিক্ষার্থী সড়কের দুইপাশে দাড়িয়ে পড়েন। এদিকে নিরাপদ সড়কের মানববন্ধনের খবর পেয়ে বিভিন্ন শ্রেণি-পেশার ও স্হানীয় সাধারণ লোকজন আসতে থাকেন।
একপর্যায়ে ঘুন্টি বাজার থেকে বেলতলী বাজার পর্যন্ত প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
মানববন্ধন চলাকালে বুড়িমারী ঘুনৃটি বাজারে বক্তব্য রাখেন আমানতুল্যা প্রধান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু কাওসার আলম, সহকারী শিক্ষক সুদর্শন রায়, বুড়িমারী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ, বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পাটগ্রাম বিসমিল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল আকবার বিন আফসার প্রমুখ।
এসময় বক্তারা মানববন্ধনে বক্তারা বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, আমাদের দাবি একটাই—বাস্তবায়নের প্রত্যাশা। সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনায় অসংখ্য তাজা প্রাণ ঝরে যাচ্ছে, যা আর মেনে নেওয়া যায় না। অতি দ্রুত এসব দাবি মেনে নিয়ে নিরাপদ যাতায়াতের পরিবেশ তৈরির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন আমানতুল্যা প্রধান স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনের আয়োজকেরা উপজেলা নির্বাহী অফিসার, লালমনিরহাট সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বরাবর এইসব দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনের একপর্যায়ে পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনাস্থলে এসে দাবিগুলোর প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন।
তিনি বলেন আমরাও দুঃখ বুঝি, আমাদেরও পরিবার আছে, তাদের মামলাগুলো সুষ্ঠু তদন্ত চলছে, তারা যেন ক্ষতিপূরণ পায়, তারা যেন সুষ্ঠু বিচার পায় সেটা নিশ্চিত করার জন্য পুলিশ প্রশাসন সার্বিক চেষ্টা করতেছে এবং মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে। এই নিরাপদ সড়কের সাথে একাত্মতা ঘোষণা করি। আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন করেছেন সেজন্য ধন্যবাদ জানাই।