মোঃ আকরাম হোসেন রতন, জেলা প্রতিনিধি, নেত্রকোণা:
নেত্রকোণার কলমাকান্দায় মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, মাদকের বিরুদ্ধে খেলাধুলাই অন্যতম প্রধান হাতিয়ার।
গত রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় কলমাকান্দা মিনি স্টেডিয়াম মাঠে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলায় কেউ বিজয়ী হবে, কেউ বিজিত হবে। তবে সবাই একই সমাজের অংশ। কেউ মাদকাসক্ত হয়ে জন্মগ্রহণ করে না। বন্ধু-বান্ধব ও পারিপার্শ্বিক প্রভাবে অনেকেই মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। মাদক মানুষের জীবন ধ্বংস করে।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত উদ্যোগে একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে হবে। সবার সহযোগিতায় কলমাকান্দাকে মাদকমুক্ত, নিরাপদ ও মানবিক উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ আল মামুন।
টুর্নামেন্টের বালক বিভাগের ফাইনালে কলমাকান্দা সদর ইউনিয়ন ও বড়খাপন ইউনিয়ন এবং বালিকা বিভাগের ফাইনালে লেংগুরা ইউনিয়ন ও কৈলাটী ইউনিয়ন অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বালক বিভাগে কলমাকান্দা সদর ইউনিয়ন এবং বালিকা বিভাগে লেংগুরা ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।