মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গভীর রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ২ নম্বর নেকমরদ ইউনিয়নের ভাবকী আশ্রয়ণ প্রকল্পের (বিলপাড়) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক সেবনের অভিযোগে আশরাফুল, হাবিবুর রহমান ও লালন হোসেন নামে তিনজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের দোষী সাব্যস্ত করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে তিনজনকেই এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবর রহমান।
স্থানীয়রা জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা প্রয়োজন। মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
সচেতন মহলের প্রত্যাশা, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।