মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৩৫) নামে ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের শহীদ মেজর নাজমুল হক সড়কে এ ঘটনা ঘটে।
আহত নজরুল ইসলাম লোহাগাড়া সদর ইউনিয়নের উকিলের পাড়ার আবদুল গণির ছেলে। তিনি ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় টিউশনি করানোর জন্য যাওয়ার পথে শহীদ মেজর নাজমুল হক সড়কে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে চিকিৎসার জন্য লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
আহতের ভাই নাজিম উদ্দিন জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তার ভাইয়ের শরীরের পাঁচ স্থানে গুরুতর জখম হয়েছে। ঘটনার খবর শুনে তাদের মা অজ্ঞান হয়ে পড়েন। বর্তমানে তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।