আকাশ দাস, টাঙ্গাইল প্রতিনিধি:
সহকর্মীর জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করলেন টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রবাসী যুবক ফরহাদ হোসেন (৩০)। দুবাইয়ের একটি কোম্পানিতে কর্মরত অবস্থায় গত শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, সেদিন কাজ করার সময় ফরহাদের এক সহকর্মী হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীকে বাঁচাতে ছুটে যান ফরহাদ। কিন্তু তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সহকর্মীকে বাঁচাতে পারলেও নিজের প্রাণ রক্ষা করতে পারেননি মানবিক এই প্রবাসী।
ফরহাদের অকাল মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছাতেই নেমে আসে শোকের ছায়া। স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম চলছে।
দুই অবুঝ সন্তান ও স্ত্রীকে রেখে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফরহাদ। স্বামীকে হারিয়ে সন্তানদের নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্ত্রী।
একজন প্রবাসীর আত্মত্যাগে শেষ হলো জীবন। ফরহাদের এমন মৃত্যুতে এলাকায় শোকের পাশাপাশি গর্বের সাথেও তাকে স্মরণ করছেন সবাই।