একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি :
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
রবিবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় শহরের পুরাতন বাস-স্টেশন এলাকা থেকে মিছিলটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ার পয়েন্টে গিয়ে পথসভায় মিলিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলমের পরিচালনায় পথসভায় বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। এ সময় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আহাদ জুয়েল, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, সৈয়দ মুহাদ্দিস, ওমর ফারুক ও সামছুর রহমানসহ জেলা, পৌর ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।