মোঃ রফিকুল ইসলাম টিটু,
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচনে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে মোহাম্মদ উল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে মো. জিয়া উদ্দিন নির্বাচিত হয়েছেন।
শুক্রবার দুপুর ২টায় পাইকুরাটি ইউনিয়ন পরিষদে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। কাউন্সিলকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নির্বাচন সূত্রে জানা গেছে, ইউনিয়ন বিএনপির সভাপতি পদে ছয়জন এবং সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ৪৪২ জন। এর মধ্যে ৯টি ভোট বাতিল হয়।
সভাপতি পদে মোহাম্মদ উল্লাহ ১৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রনি শাহ্ পান ১২৬ ভোট। ফলে ২৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন মোহাম্মদ উল্লাহ।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মো. জিয়া উদ্দিন ১৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শরীফুল ইসলাম পান ১৫৪ ভোট। এতে জিয়া উদ্দিন ছয় ভোটের ব্যবধানে জয় পান।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সদ্যসাবেক আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ সরকার পান ৫৬ ভোট।
নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
কাউন্সিলে অংশ নেওয়া নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।