ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরে রোড শো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
দিবসটি উপলক্ষে জামালপুর সদর উপজেলার ফৌজদারি মোড় থেকে একটি রোড শো বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় সড়কে শৃঙ্খলা বজায় রাখা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নিরাপদ সড়ক গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।