লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে ১ জন চোরাকারবারিকে ভারতীয় রুপি, মাদকদ্রব্য, মোটরসাইকেল, মোবাইলফোন ও বাংলাদেশি নগদ অর্থসহ আটক করেছে।
বিজিবি জানায়, ০৬ নভেম্বর রাতে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)- ধরলা বিওপির টহলদল সীমান্তের আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধবলগুড়ি নন্দেরঘাট নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় রুপি ৫,০০০, ভারতীয় ইয়াবা ১০ পিস, মোটরসাইকেল ১টি, মোবাইলফোন ১টি, বাংলাদেশি নগদ অর্থ ১,৮২০ টাকা এবং সিমকার্ড ২টি সহ পিয়াল ইসলাম (২৪) নামে ১ জনকে আটক করেছে। অপর একজন পলাতক রয়েছে।
তাদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের ও আটককৃত ব্যক্তিকে মালামালসহ পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২,৮৭,২২০ টাকা।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি অধিনায়ক, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।