হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নেত্রকোণায় জেলা প্রশাসনের আয়োজনে এক ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ ও শিক্ষা সংশ্লিষ্টরা।
সভায় আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও প্রয়োজনীয় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় পরীক্ষা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা, পারস্পরিক সমন্বয় এবং কার্যকর তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছ, সুষ্ঠু, নকলমুক্ত ও শিক্ষাবান্ধব পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে মানসম্মত ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে জেলা প্রশাসন, নেত্রকোণা বদ্ধপরিকর বলে সভায় জানানো হয়।