হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
জনসাধারণের অভাব-অভিযোগ শোনা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সরকারি সেবা নিশ্চিত করার লক্ষ্যে শেরপুরে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১১ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’তে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে সেবাগ্রহীতাদের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও আবেদন মনোযোগসহকারে শোনেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬০ জনেরও বেশি সেবাগ্রহীতা তাঁদের নানা সমস্যা ও অভিযোগ জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। তাঁদের মধ্যে ১২৩ জনকে বিভিন্ন অঙ্কের নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ ছাড়া দুজন অসহায় ব্যক্তিকে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনে দেওয়া হয়। একজনকে চিকিৎসকের পরামর্শপত্র অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ এবং মাতৃহীনা চার মাস বয়সী এক শিশুর জন্য ল্যাক্টোজেন গুঁড়া দুধ কিনে দেওয়া হয়। শিশুটির জন্য নিয়মিত মানবিক সহায়তা অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি সেবাগ্রহীতাদের সমস্যার ধরন ও প্রয়োজন বিবেচনায় নিয়ে প্রতিকারের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় সুপারিশসহ আবেদন পাঠানো হয়। এসব দপ্তরের মধ্যে রয়েছে জেলা পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, জেলা সদর হাসপাতাল, উপপরিচালক (সমাজসেবা)-এর কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, শেরপুর সদর থানা এবং সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়সহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে এ ধরনের জনবান্ধব ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।