কানন জামান, উইনিপেগ, মানিটোবা, কানাডা:
টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ব্যবসায়িক শিক্ষা প্রদানে কানাডায় দ্বিতীয় স্থান অর্জন করেছে ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের অ্যাসপার স্কুল অব বিজনেস। করপোরেট নাইটসের ২০২৬ সালের ‘বেটার ওয়ার্ল্ড বিএকম’ মূল্যায়নে কানাডার শীর্ষ ১০টি ব্যবসায় শিক্ষা কর্মসূচির মধ্যে স্থান পেয়েছে প্রতিষ্ঠানটির বাণিজ্য বিষয়ে স্নাতক (বিকম) কর্মসূচি।
টেকসই উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশ সুরক্ষার বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার স্বীকৃতি হিসেবে এ অবস্থান অর্জন করেছে অ্যাসপার স্কুল। প্রায় ৯০ বছরের পুরোনো এ কর্মসূচিতে ‘ব্যবসা ও সমাজ’, ‘টেকসই ব্যবসা’ এবং ‘আদিবাসী জনগোষ্ঠী ও কানাডার ব্যবসা’র মতো আবশ্যিক বিষয় পড়ানো হয়।
স্কুলটির ভারপ্রাপ্ত ডিন রবার্ট বিসকন্ট্রি বলেন, শিক্ষার্থীদের শুধু মুনাফাকেন্দ্রিক চিন্তার বাইরে নিয়ে গিয়ে দায়িত্বশীল ব্যবসায়িক নেতৃত্ব গড়ে তুলতে অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা ও বিশ্বমানের শিক্ষাদানের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
করপোরেট নাইটসের মূল্যায়নে শিক্ষাক্রমে টেকসই উন্নয়নবিষয়ক বিষয় অন্তর্ভুক্তি, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশগত নেতৃত্বকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়েছে।