কানন জামান
উইনিপেগ, মানিটোবা, কানাডা
একবার ব্যবহারযোগ্য কাপের বর্জ্য কমাতে উইনিপেগের একটি ক্যাফেতে চালু হওয়া পুনঃব্যবহারযোগ্য কাপ কর্মসূচি আশাব্যঞ্জক ফল দেখিয়েছে। তিন মাসের এই পাইলট প্রকল্পে ১৫৫ বার পুনঃব্যবহারযোগ্য কাপ ব্যবহার করা হয়েছে এবং কাপ ফেরতের হার ছিল ৯৭ শতাংশ।
এক্সচেঞ্জ ডিস্ট্রিক্টের স্যাম’স প্লেস ক্যাফে গত ২৪ এপ্রিল কর্মসূচিটি চালু করে। এটি বাস্তবায়ন করে আইআইএসডি-ইএলএ (IISD-ELA) ও পুনঃব্যবহারযোগ্য খাদ্যপাত্র প্রতিষ্ঠান মিউজ (Muuse)। ৫৫ জন গ্রাহক কর্মসূচিতে অংশ নেন, যা সেবাটির প্রতি গ্রাহকদের আগ্রহের ইঙ্গিত দেয়।
গবেষকদের মতে, ক্যাফেটি বছরে প্রায় ৩৮ হাজার ৪০০টি ডিসপোজেবল কাপ ব্যবহার করে। মাত্র ৫ শতাংশ গ্রাহক পুনঃব্যবহারযোগ্য কাপ ব্যবহার করলে বছরে প্রায় ১ হাজার ৯২০টি কাপ বর্জ্যে পরিণত হওয়া থেকে রক্ষা পেতে পারে। অংশগ্রহণের হার ২০ শতাংশে পৌঁছালে এই সংখ্যা বেড়ে ৭ হাজার ৬৮০-এ দাঁড়াবে এবং ক্যাফেটির বছরে প্রায় ৬ হাজার ১৪৪ ডলার সাশ্রয় হতে পারে, তবে এতে কর্মসূচির বার্ষিক ফি অন্তর্ভুক্ত নয়।
মিউজের ব্যবস্থায় গ্রাহকরা কিউআর কোড স্ক্যান করে কাপটি ধার নেন। ব্যবহার শেষে যেকোনো সংগ্রহ বিনে কাপটি ফেরত দিলেই তাদের ধার শেষ হয়ে যায়। এজন্য আলাদা করে কোনো জামানত দিতে হয় না।