জুয়েল হক, উপজেলা প্রতিনিধি, ডোমার:
নীলফামারীর ডোমারে ২০১২ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ডোমার পৌর তাঁতী লীগের সভাপতি ছোটন সরকারকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার উপজেলার চিকনমাটি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছোটন সরকার ডোমার পৌর এলাকার চিকনমাটি পূর্ব ধনীপাড়া এলাকার মৃত খাদিমুল সরকার (বালাচান)-এর ছেলে। তিনি ডোমার পৌর তাঁতী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১২ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার জানান, আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে গ্রেপ্তার ছোটন সরকারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।