একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ সেখ নাসিরুদ্দিন বিড়িসহ হযরত আলী (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন পালিয়ে যায়।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে বিশ্বম্ভরপুর থানাধীন উল্লাসনগর গ্রামের পলাতক আসামি বিল্লালের বসতঘরের সামনের উঠানে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত হযরত আলী সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিন্নাকুলি গ্রামের দুকু মিয়ার ছেলে।
পলাতক আসামিরা হলেন— মো. বিল্লাল হোসেন (২৬), বাবুল (২৮) মো. জলিল (৩৮)।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সুনামগঞ্জের এএসআই (নিঃ) খাদেমুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশ্বম্ভরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনীত অবৈধ বিড়ি খালাস করার সময় ঘটনাস্থল থেকে হযরত আলীকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর তিন আসামি পালিয়ে যেতে সক্ষম হন।
পরে আসামিদের হেফাজতে থাকা ১ লাখ ৬৮ হাজার শলাকা ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ করা হয়। প্রতিটি শলাকার আনুমানিক মূল্য ৪ টাকা ধরে মোট জব্দকৃত বিড়ির বাজারমূল্য ৬ লাখ ৭২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।