স্টাফ রিপোর্টার, নীলফামারী:
নীলফামারীর ডিমলায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ দুইজনকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে উপজেলার বালাপাড়া বিওপি এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন ডিমলা উপজেলার মো. আনোয়ার হোসেন (২২) ও মো. আরমান ইসলাম (৩০)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালাপাড়া বিওপির একটি টহল দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক কেনাবেচায় ব্যবহারের অভিযোগে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পরে উদ্ধার করা মাদক ও জব্দ করা মালামালসহ আটক দুজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ডিমলা থানায় হস্তান্তর করেছে বিজিবি।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান ও মাদক কারবার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।