মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কে. এম. বাবরের মালিকানাধীন ক্লিনিক ‘আরাফ ক্লিনিকে’ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ক্লিনিকের আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ জেলা শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ডা. কে. এম. বাবর গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ড্যাবের নেতা।
স্থানীয় সূত্রে জানা যায়, একদল লোক ক্লিনিকটির সামনে জড়ো হয়। একপর্যায়ে তারা ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে ক্লিনিকের আসবাবপত্র বাইরে বের করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলাকারীরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, আরাফ ক্লিনিকের নিচতলায় সংসদ সদস্য ডা. কে. এম. বাবরের ব্যক্তিগত কার্যালয় ছিল। ঘটনার পর আতঙ্কিত হয়ে ক্লিনিকে চিকিৎসা নিতে আসা রোগীরা অন্যত্র চলে যান।
এদিকে, একই রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ ছাড়া কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাহাবুবুর রহমানের দোকানেও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
একই রাতে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের এসব ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘটনাগুলোর প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্ত করতে প্রশাসনের তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।